ব্যাপকভাবে শৈবালের চাষ

(Mass Cultivation of Algae)

উদ্ভিদ শৈবাল

কৃষিকার্য্যে শৈবালের উপযোগিতা

শিল্পক্ষেত্রে শৈবালের ব্যবহার

মত্স্যচাষীর শৈবাল চাষ করতে পারেন

খাদ্য হিসাবে শৈবাল

চাষের উপকরণ

ভৌত ও রাসায়নিক শর্তসমূহ

চাষের পদ্ধতি

মিডিয়াম তৈরীর উপাদান

শৈবালের বীজ সংগ্রহ

ছবিসহ বিভিন্ন প্রজাতির শৈবাল

উদ্ভিদ শৈবাল

সবুজকণা যুক্ত গঠনগতভাবে সরলতম উদ্ভিদ গোষ্ঠীকে সামগ্রিকভাবে শৈবাল বলা হয়׀ যাদের দেহ মূল, কান্ড এবং পাতায় ভাগ করা যায় না׀ এই সকল সবুজ উদ্ভিদের দেহ একই প্রকার কোষ দ্বারা গঠিত׀ তাই এদের সমাঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা (Thallophyta) বলে׀ যে সকল শৈবালের দেহে একটি মাত্র কোষ আছে তাদের এককোষী বলা হয়׀ আবার কোন কোন শৈবাল অনেকগুলি কোষের উপনিবেশ স্থাপন করে বৃদ্ধি হয় তখন তাদের কোনোনিয়াল (Colonnial) বলা হয়׀ শৈবালের আকার, গঠন, বর্ণ, বাসস্থান সবই বৈচিত্র্য পূর্ণ এবং সেই অনুসারে এদের শ্রেণী বিন্যাস করা হয়েছে׀ কারোর দেহ অতিক্ষুদ্র এককোষী আনুবিক্ষণিক, কারোর সূতার মত, কারোর আবার শাখাপ্রশাখাযুক্ত পাতার মত বেশ বড় আকারের׀ কারোর বর্ণ-সবুজ, কারোর নীল-সবুজ, কারোর-হলুদ-সোনালী কারোর বা লাল׀কেউ জন্মায় জলে, কেউ বা স্থলে׀তবে বেশীর ভাগ শৈবালের জলেই বাস׀গোত্র প্রজাতি অনুসারে শৈবাল মিষ্টিজলের এবং নোনাজলের হয়ে থাকে׀ সব জলাশয়েই শৈবাল জন্মায়׀ তবে সমুদ্রোই সবচেয়ে বেশি শৈবালের আধার׀জীব জগতে এদের উপযোগিতা বা প্রয়োজনীয়তা অপরিমেয়׀ দেশে-বিদেশে সামুদ্রিক অনুসন্ধান থেকে আমরা এই সকল সরলতম উদ্ভিদগোষ্ঠীর অর্থকরী গুরুত্ব উপলব্ধি করতে পারি׀ জীবজগতের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন তার ৯০শতাংশ সরবরাহ করে থাকে সামুদ্রিক শৈবাল׀ মানবসভ্যতা বিকাশের ইতিহাসে কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে সর্বত্রই শৈবালের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আছে׀ বহুকাল আগে থেকেই শৈবাল মানুষের খাদ্যে, পশু-মত্স্য খাদ্য, সার এবং জীবনদায়ী ঔষধ তৈরীতে ব্যবহৃত হয়ে আসছে׀

শিল্পক্ষেত্রে শৈবালের ব্যবহার (Role in industry)

অনেকদ্রব্যের বাণিজ্যিক উত্পাদনে শৈবাল প্রধান উত্স স্বরূপ׀ যেমন আগর-আগর (Agar-Agar), আলজিনিক আসিড (Alginic acid), ক্যারাজিনন (Carageenin) এবং ডায়াটোমাইট (Diatomite)׀

আগর-আগর (AGAR-AGAR) - এর প্রধান উত্স হল- Gelidium sp., Gracilaria sp. এবং Gigartina sp. পিচ্ছিল (হড়হড়ে)- এই বস্তুটি খাদ্যপ্রক্রিয়াকরণ গবেষণাগারে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল এবং অনান্য কলার মূল চাষমাধ্যম (base for culture media) হিসাবে ব্যবহৃত হয়׀ এছাড়া ঔষধ তৈরীতে, প্রসাধনী সামগ্রী প্রস্তুতে, চর্মশিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে׀

আলজিনিক আসিড (Alginic acid) - আলজিনিক আসিড পাওয়া যায়׀ Ascophyllum sp, Laminaria sp., Lessonia sp., Ecklonia sp. এবং Macrocystis sp.  প্রভৃতি শৈবাল প্রজাতি থেকে, খাদ্যশিল্পে, প্রসাধনী শিল্পে, বয়নশিল্পে, প্লাস্টিক এবং কৃত্রিম তন্তু উত্পাদনে ব্যাপকভাবে আলজিনিক আসিড ব্যবহৃত হয়׀

ক্যারাজিনিন (Carageenin) - ক্যারাজিনিন পাওয়া যায় Chondrus crispus (Irish moss) নামক রক্তিম (লাল) শৈবাল থেকে, ক্যারাগিন- খাদ্য, বয়ন, ঔষধ, চর্ম ও আলকোহল উত্পাদনে ব্যবহার করা হয়׀

ডায়াটোমাইট (Diatomite) - মৃত ডায়াটমের দেহ থেকে ডায়াটোমাইট উত্পন্ন হয়׀ সমুদ্রের তলায় হাজার হাজার বছর ধরে জমে থাকা মৃত ডায়াটমের কাঁকরময় (Siliceous) দেহাবশেষ রূপান্তরিত হয়ে ডায়াটমেশিয়াস মৃত্তিকায় পরিণত হয়׀ এই মৃত্তিকা অত্যন্ত অনুছিদ্রযুক্ত, অদ্রবণীয়, রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয়, অগ্নিতাপের নিবারক এবং শোষক (fire proof and absorbent)׀ এই সকল ধর্মের জন্য ডায়াটোমাইট শিল্প-বানিজ্যে পরিশোধনের কাজে ব্যবহার করা হয়׀যেমন- তৈল পরিশোধন,  চিনি পরিশোধন এবং বিভিন্ন প্রকার দ্রবণ পরিস্রুত করার কাজে ব্যবহার করা হয়׀ এর ব্যাপক ব্যবহার হয় বয়লার (Boiler), রেফ্রিজারেটার, কক্ষের শব্দ নিবারক প্রভৃতি ইন্সুলেটার (Insulator) হিসাবে׀

কৃষিকার্য্যে শৈবালের উপযোগিতা (Role in Agriculture)

মাটি হল সকল সজীব বস্তুর আধার׀ মাটি তার উপাদন কণা ছাড়াও ব্যাক্টেরিয়া, ছত্রাক, শৈবাল এবং অন্যান্য আনুবিক্ষনিক বস্তুসমূহকে ধারণ করে রেখেছে׀ মাটি থেকেই আসে জীবনের স্পন্দন, সবুজের সমারোহ׀আর এই মাটিকে সবুজ প্রাণবন্ত করে তোলার পিছনে শৈবালের অবদান গুরুত্বপূর্ণ׀ মাটির নাইট্রোজেন ধারণের ক্ষমতা বাড়ানোর কাজে সাহায্য করে׀ Oscillatoria princeps, Oscillatoria formosa, Anabaena sp., Spirulina sp., Nostoc sp. এবং Cylindrospermum প্রভৃতি প্রজাতির নীল-সবুজ (Blue-Green) শৈবাল মাটির নাইট্রোজেন বৃদ্ধি করে মাটিকে উর্ব্বর করে তোলে׀

সামুদ্রিক শৈবাল যেগুলি সীউইডস্ (Seaweeds) বলে পরিচিত সেগুলি জৈবসার হিসাবে উপকূলবর্তী এলাকায় ব্যবহৃত হয়׀ ফ্রান্স, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে আলু, ওলকপি প্রভৃতি মৃদগত সবজি উত্পাদনে বড় আকারের বাদামী এবং লাল শৈবালকে জৈবসার রূপে ব্যবহার করা হয়׀ আমাদের দেশে রাজস্থানে সম্বরলেকে বহুল পরিমানে উত্পন্ন Anabaena  sp এবং Spirulina sp সবুজ সার হিসাবে কৃষকরা ব্যবহার করছেন׀

Chlorella প্রজাতির এককোষী সবুজ শৈবাল জলের কার্বণডাই-অক্সাইড গ্রহণ করে সালোকসংশ্লেসের মাধ্যমে জলের দ্রবীভূত অক্সিজেন বাড়ায়׀ Chlorella ময়লা জলকে পরিশুদ্ধ করে মাছচাষের উপযোগী করে তোলে׀

খাদ্য হিসাবে শৈবাল (Algae as food)

শৈবাল হল, মাছ, অন্যান্য জলজ প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, গবাদিপশুর খাদ্যের এক গুরুত্বপূর্ণ উত্স׀মানুষের খাদ্য তালিকার পরিপূরক মাছ ও অন্যান্য জলজপ্রাণী সবই শৈবাল নির্ভরশীল׀ সুতরাং পরোক্ষভাবে শৈবালের মূল্য মানুষের কাছে অনেক׀কিছু কিছু শৈবাল মানুষের প্রোটিন জাতীয় খাদ্যের পরিপূরক হিসাবে গৃহীত হয়׀ এইপ্রসঙ্গে Ulva (Sea lettuce) এর নাম উল্লেখ করা যায় যা ইউরোপের মানুষ খাদ্য হিসাবে গ্রহণ করছে׀

শৈবালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, ভিটামিন এ, বি, সি (A,B,C) এবং ঈ (E) পাওয়া যায়׀ ডায়াটম Nitzchia sp. এ প্রচুর ভিটামিন এ (A) পাওয়া যায়׀ ভিটামিন বি (B) পাওয়া যায় Ulva, Enteromorpha, Laminaria, Alaria valida, Porphyra, Nerocystis এবং Chondrus crispus ׀ Ulva, Enteromorpha, Alaria তে ভিটামিন সি (c) ও পাওয়া যায়׀

বর্তমানে মত্স্যচাষ শিল্পের প্রসারের সাথে শৈবাল চাষেরও গুরুত্ব বাড়ছে׀ মাছের খাদ্য উত্পাদনে উপাদান হিসাবে শৈবাল ব্যবহার করে কম খরচে খুব ভাল ফল পাওয়া যাচ্ছে׀যেজন্য মত্স্যচাষীরা এখন শৈবাল চাষে বেশ আগ্রহী হচ্ছেন׀ শৈবাল মিশ্রিত মাছের খাদ্য ব্যবহারের উপকারিতা অনেক׀

* মাছের বৃদ্ধির হার বেশী

* প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য উপাদানের পরিপূরক কারণ অধিকাংশ শৈবালে ৪০ শতাংশের বেশী প্রোটিন থাকে

* রঙীন মাছের স্বাভাবিক রঙ বজায় রাখে এবং উজ্জ্বলতা বাড়ায়

* মাছের প্রজনন ক্ষমতা বাড়ায়

* মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

* চিংড়ির হোয়াইট স্পট জাতীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

* খাদ্য তৈরীর খরচ কম হয়

মত্স্যচাষীরা শৈবাল চাষ করতে পারেন

মত্স্যচাষীরা তাই মাছের খাদ্যে পরিবর্ত্ত উপাদান উত্স (Alternative source of fish food ingradient) হিসাবে শৈবাল চাষ করতে পারেন׀ শৈবাল চাষে ব্যয় খুব কম এবং চাষের পদ্ধতি সহজ׀ সাধারণ চাষীরা যে প্রজাতিগুলি সহজে চাষ করতে পারেন সেগুলি হল- Chlorella sp., Spirulina sp., Phormidium sp., Enteromorpha sp. স্বল্পপরিসরে বাড়ীর উঠানে, ছাদে যেখানে মোটামুটি আলো পাওয়া যায়׀

চাষের উপকরণ

১) কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের আকোয়ারিয়াম (৩ফুট×২ফুট×১ফুট মাপের) অথবা মাটির গামলা বা প্লাস্টিকের গামলা সুবিধামত মাপের׀

২) চাষের জন্য নির্দ্দিষ্ট শৈবাল পুঞ্জ (Innoculum)׀

৩) কালচার মিডিয়া বা চাষের জন্য খনিজ ও রাসায়নিক মিশ্রিত জলীয় দ্রবণ׀

৪) বায়ুসঞ্চালক যন্ত্র (Air blower)׀

ভৌত ও রাসায়নিক শর্তসমূহ

সমস্ত উদ্ভিদের মত শৈবালের পুষ্টি ও স্বাভাবিক বৃদ্ধির জন্য আলোক, তাপমাত্রা, লবণাক্ততা (সামুদ্রিক প্রজাতির ক্ষেত্রে) অজৈবকার্বন এবং জলে দ্রবীভূত খনিজ লবণ প্রভৃতি নির্দ্দিষ্ট পরিমানে প্রয়োজন׀

* আলোক (Light) - আলোর তীব্রতা শৈবালের বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে׀  স্বাভাবিকভাবে ব্যাপক শৈবাল চাষে সূর্যালোক কাজে লাগানো হয়׀  অনেক ক্ষেত্রে কৃত্রিম বৈদ্যুতিক আলো (fluorescent/Incandescent lamp) ব্যবহার করা হয়ে থাকে׀ ব্যাপক চাষ (Mass Cultivation) এর জন্য সূর্য্যের আলো খুবই উপযোগী׀  আবার স্টককালচার বা সাবকালচারের জন্য কৃত্রিম বৈদ্যুতিক আলো ব্যবহার করা ভালো׀

* তাপমাত্রা - বেশীর ভাগ প্রজাতির শৈবালের বৃদ্ধির জন্য ১৭ডিগ্রি সেন্টিগ্রেট- ২২ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রাই উপযুক্ত׀

* পুষ্টি উপাদান - নাইট্রোজেন, ফসফরাস, সালফার হল প্রধান পুষ্টি উপাদান, এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম প্রভৃতি লবণের প্রয়োজন׀

* কার্বনডাই-অক্সাইড - বাতাসের কার্বনডাই-অক্সাইড জলে দ্রবীভূত অবস্থায় শৈবালের দেহে সালোক-সংশ্লেষে সাহায্য করে এবং পুষ্টি জোগায়׀তাছাড়া কার্বনেট বা বাইকার্বনেট হিসাবে ব্যবহার করা হয়׀

*  পি.এইচ (pH) - কালচার মিডিয়ার পি.এইচ (pH) ৭.৮-৮.০ হওয়া উচিত׀

* জলের লবণাক্ততা (Salinity)- সামুদ্রিক প্রজাতির জন্য জলীয় মাধ্যমের বা কালচার মিডিয়ামের লবণাক্ততা (Salinity) সাধারণ ১৫-৩০পি.পি.টি (ppt) হলে ভাল হয়׀

চাষের পদ্ধতি

শৈবাল চাষের জন্য প্রথমে কালচার মিডিয়াম তৈরী করে নিতে হয়׀ পরিশ্রুত জলে নির্দ্দিষ্ট পরিমাণে লবণ ও রাসায়নিক মিশিয়ে কালচার মিডিয়াম প্রস্তুত করা হয়׀ কালচার মিডিয়াম প্রস্তুত হয়ে গেলে তা কালচার/চাষের আধারে (আকোয়ারিয়াম/গামলা ইত্যাদি) মেপে ঢালতে হয়׀ প্রথমে কালচার মিডিয়ার উচ্চতা ৬ইঞ্চির কাছাকাছি রাখা ভাল׀পরে ঐ উচ্চতা ১২ইঞ্চি (একফুট) করা যায়׀এরপর, শৈবালপুঞ্জ (Innoculum) কালচার মিডিয়াতে ছেড়ে দিন׀২-৩দিন হালকা/কম তীব্র আলোয় রাখতে হবে এবং কোন এয়ার ব্লোয়ার ব্যবহার করা উচিত নয়׀

৫-৬দিন পর শৈবালের বৃদ্ধির হার দেখে দিনে ৩০মিনিট থেকে ১ঘন্টা এয়ার ব্লোয়ার চালানো হয়׀ সাধারণ ৩-৪ সপ্তাহ অন্তর কালচার মিডিয়া পরিবর্তন এবং শৈবাল আহরণ (Harvesting) করা হয়׀

মিডিয়াম তৈরীর উপাদান

ক) সামুদ্রিক প্রজাতির জন্য׀

১) ব্রাইন ওয়াটার ১ভাগ ও পরিস্রুত মিঠাজল ৭ভাগ ভালভাবে মিশিয়ে নিতে হয়׀

অখবা

প্রতিলিটার পরিস্রুত মিঠাজলে নিম্নলিখিত রাসায়নিক লবণ মিশিয়ে তৈরী করা হয়׀        

১) সাধারণ লবণ (NaCl)

২৫ গ্রাম (25gm)

২) সোডিয়াম নাইট্রট (NaNO3)

০.৭৫ গ্রাম (0.75gm)

৩) পটাসিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4)

০.৭৫ গ্রাম (0.75gm)

৪) ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2)

০.২৫ গ্রাম (0.25gm)

৫) ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4,7H2O)

০.৭৫ গ্রাম (0.75gm)

মিঠাজলের প্রজাতির জন্য মিডিয়াম প্রস্তুতির উপাদান

প্রতি লিটার পরিস্রুত মিঠাজলের সাথে নিম্নলিখিত রাসায়নিক লবণগুলি মিশিয়ে নিতে হয়׀

১) সোডিয়াম নাইট্রেট (NaNO3)

২.৫ গ্রাম (2.5gm)

২) পটাসিয়াম হাইড্রোজেন ফসফেট (K2HPO4)

০.৭৫ গ্রাম (0.75gm)

৩) পটাসিয়াম ডাই-হাইড্রোজেন ফসফেট (KH 2PO4)

১.৭৫ গ্রাম (1.75gm)

৪) সোডিয়াম ক্লোরাইড (NaCl)

০.২৫ গ্রাম (0.25gm)

৫) ম্যাগনেসিয়াম সালফেট (MgSO4,7H2O)

০.৭৫ গ্রাম (0.75gm)

৬) ক্যালসিয়াম ক্লোরাইড (CaCl2)

০.২৫ গ্রাম (0.25gm)

বিভিন্ন প্রজাতির শৈবাল

anabaena microalgae

anabaena microalgae chaetoceros_gracilis_microalgae

Chaetoceros_microalgae Chaetoceros_microalgae chlorella_microalgae

diatoms1_microalgae phormidium_microalgae phormidium_microalgae

spirulina microalgae

blue green algae

Chaetomorpha_algae

diatom_algae macroalgae macroalgae

macroalgae Enteromorpha_algae

spirogyra

SeaLettuce_algae

শৈবালের বীজ (Inmoculum) সংগ্রহ ও শৈবাল চাষ বিষয়ে কারিগরী সহায়তার জন্য নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন

ডঃ মধুমিতা মুখার্জ্জী

উপ-মত্স্য অধিকর্তার করণ (জীবাণুবিদ্যা ও পরজীবিবিদ্যা)

যুগ্ম-মত্স্য অধিকর্তা (হেড কোয়ার্টার)

পশ্চিমবঙ্গ সরকার

ডায়ামন্ডহারবার রোড,  (পৈলান)

 পোঃ- পৈলানহাট, জেলা- দক্ষিণ ২৪পরগণা

পিনকোড - ৭০০১০৪